দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রকোপ বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অনুকূল পরিস্থিতি থাকলে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে ঘূর্ণিঝড়টি স্থলভাগে ওঠার পর এর গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি নির্ভর করবে। এখনই বৃষ্টির পরিমাণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানলে সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্য এলাকাগুলোতে বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি মাসে দেশের বেশির ভাগ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। এর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে পরবর্তী এক–দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
এমএম/