দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
আর্লিং হলান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিল নর্ডিক দেশটি।
রোমাঞ্চকর লড়াইয়ে নির্ধারিত সময়ের ৭৯তম মিনিটে হেড থেকে নরওয়েকে এগিয়ে দেন হলান্ড। এরপর ম্যাচের শেষ দিকে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর নিচু শট ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করলে ব্যবধান দ্বিগুণ হয়। অতিরিক্ত সময়ে নেইমার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি ব্রাজিল।
ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গিমারাইসের নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরিয়ান নিল্যান্ড। এছাড়া বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক।
এই হারের মধ্য দিয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে এত তাড়াতাড়ি বিদায় নিতে হলো ব্রাজিলকে। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য অর্জন করল নরওয়ে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
এদিকে এই ম্যাচে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন হলান্ড। ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান গোলের মালিক হলেন।
জে আই