দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ পর্যন্ত বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠা হলো না কেপ ভার্দের। অতিরিক্ত সময়ের ১১১তম মিনিটে আত্মঘাতী গোলে ৩–২ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে অভিষেককারী দলটিকে। কিন্তু স্কোরলাইন ছাপিয়ে আলোচনায় এখন কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই। হারলেও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকেই নির্ভীক ফুটবল খেলেছে ফিফা র্যাঙ্কিংয়ের ৬৪তম স্থানে থাকা কেপ ভার্দে। লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়ার পরও ভেঙে পড়েনি দলটি। বরং দুইবার সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের চরম চাপে ফেলে দেয়।
দ্বিতীয়ার্ধে দেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে আটকে রাখে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের শুরুতে আবারও পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি তারা। ১০৩তম মিনিটে সিডনি লোপেস কাবরালের দুর্দান্ত বাঁকানো শট বিশ্বকাপের অন্যতম সেরা গোলের দাবিদার হয়ে ম্যাচে ফেরায় কেপ ভার্দেকে।
ম্যাচের শেষ দিকে কাবরালের আরেকটি জোরালো শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। সেই সেভ না হলে ম্যাচ গড়াতে পারত টাইব্রেকারে।
শেষ পর্যন্ত ভাগ্য সঙ্গ দেয় আর্জেন্টিনার। ১১১তম মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর হেড দিনেই বোর্হেসের গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই ব্যবধান আর পেরোতে পারেনি কেপ ভার্দে।
এই ম্যাচে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াও ছিলেন দুর্দান্ত। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক আটটি সেভ করেন। এর মধ্যে লিওনেল মেসির একক প্রচেষ্টা এবং একটি ফ্রি-কিকও দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।
শুধু এই ম্যাচ নয়, পুরো বিশ্বকাপেই নজর কেড়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা স্পেন ও উরুগুয়ের মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে গোলশূন্য ড্রয়ে আটকে রেখেছিল। আর নকআউট পর্বে আর্জেন্টিনাকে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ১২০ মিনিট পর্যন্ত।
ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্তিনেসকে দেখা যায় হতাশ কেপ ভার্দের খেলোয়াড়দের সান্ত্বনা দিতে। আর্জেন্টাইন সমর্থকদের মুখেও ছিল জয়ের আনন্দের চেয়ে স্বস্তির ছাপ বেশি।
/অ