দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সুইজারল্যান্ড। শুরুতে আলজেরিয়া আক্রমণাত্মক ফুটবল খেললেও ১০ মিনিটেই ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় সুইসরা।
ম্যাচের শুরুতে আলজেরিয়া দারুণ চাপ সৃষ্টি করলেও পাল্টা আক্রমণে ব্যবধান গড়ে সুইজারল্যান্ড। রুবেন ভার্গাসের বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যান ইয়োহান মানজাম্বি। গোললাইন ছুঁয়ে তার নিখুঁত কাটব্যাক থেকে কাছ থেকে বল জালে পাঠান ব্রিল এম্বোলো। দ্রুতগতির এই আক্রমণে স্তব্ধ হয়ে যায় আলজেরিয়া।
গোলের পর আলজেরিয়ার আত্মবিশ্বাসে কিছুটা ভাটা পড়ে। এ সময় আরও কয়েকটি অর্ধসুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড।
এর আগে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে একই মাঠে কানাডাকে হারিয়েছিল সুইজারল্যান্ড। এই ম্যাচে জিততে পারলে বিসি প্লেস স্টেডিয়ামেই টানা তৃতীয় ম্যাচ খেলবে তারা। পাশাপাশি প্রতিযোগিতায় তাদের পাঁচটি ম্যাচই একই সময় অঞ্চলে খেলার সুযোগ হবে, যা দীর্ঘ টুর্নামেন্টে বাড়তি সুবিধা এনে দিতে পারে।
অন্যদিকে, গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে সমতায় ফিরে শেষ পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করেছিল আলজেরিয়া। তবে শেষ ৩২-এর এই লড়াইয়ে বিরতিতে যাওয়ার আগে পিছিয়ে পড়েছে দলটি।
বিশ্বকাপের নকআউট পর্বে আগের আটটি ম্যাচের একটিতেও জিততে পারেনি সুইজারল্যান্ড। সেই হতাশার রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে গ্রানিত জাকার নেতৃত্বাধীন দল। প্রথমার্ধ শেষে সেই লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে রয়েছে সুইসরা।
/অ