দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে শারীরিক ক্লান্তি ও খেলোয়াড়দের রিকভারি নিয়ে উদ্বেগে রয়েছে নরওয়ে শিবির।
দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়সূচক গোল করেন ৮৬তম মিনিটে। তবে ম্যাচ শেষে তিনি জানান, অতিরিক্ত সময় হলে তিনি খেলতে পারতেন না, কারণ তিনি পুরোপুরি ক্লান্ত ছিলেন।
কোচ স্টালে সোলবাকেন জানিয়েছেন, ম্যাচের দ্বিতীয়ার্ধেই হালান্ডকে অত্যন্ত ক্লান্ত মনে হয়েছে, যা ব্রাজিল ম্যাচের আগে নরওয়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অধিনায়ক মার্টিন ওডেগার্ডসহ দলের অনেক খেলোয়াড়ই দীর্ঘ ও ব্যস্ত ক্লাব মৌসুম শেষে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিশেষজ্ঞ ডম রে বলেন, দীর্ঘ মৌসুমের পর খেলোয়াড়দের শরীরে জমে থাকা ক্লান্তি পুরোপুরি দূর করা স্বল্প সময়ে সম্ভব নয়। তবে সঠিক বিশ্রাম ও পুনরুদ্ধারের মাধ্যমে ম্যাচের আগে কিছুটা উন্নতি আনা যায়।
তিনি আরও বলেন, সাধারণত ম্যাচের ৪৮ ঘণ্টার মধ্যে ক্লান্তির মাত্রা সর্বোচ্চ থাকে, তবে ৯৬ ঘণ্টার মধ্যে অধিকাংশ খেলোয়াড়ই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
ব্রাজিল ও নরওয়ে উভয় দলই ম্যাচ সূচি ও ভ্রমণজনিত ক্লান্তির চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, তুলনামূলকভাবে নরওয়ের প্রস্তুতির সময়সূচি তাদের কিছুটা সুবিধা দিতে পারে।
নরওয়ে দল গ্রুপ পর্বে একটি ম্যাচের পর নিউইয়র্কে ভ্রমণ ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পেয়েছিল, যা মানসিকভাবে খেলোয়াড়দের পুনরুজ্জীবিত করতে সহায়তা করেছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাইড্রেশন ব্রেক বা বিরতির সময় তরল ও শক্তি পুনরুদ্ধার করা আধুনিক ফুটবলে পারফরম্যান্স ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
সব মিলিয়ে, ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে নরওয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ক্লান্তি ব্যবস্থাপনা ও দ্রুত রিকভারি।
/অ