দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের বাতিল হওয়া গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ব্রাজিলের গণমাধ্যমের দাবি, অভিযোগের পক্ষে যুক্তি হিসেবে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসির গোলের একটি ঘটনাও তুলে ধরা হয়েছে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিন ম্যাচেই ম্যাচসেরা হওয়ার পাশাপাশি করেছেন চারটি গোল। স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি গোল করলে হ্যাটট্রিক পূর্ণ হতো। সেক্ষেত্রে ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের কীর্তিও গড়তেন তিনি।
তবে ম্যাচের ২৪তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করলেও ভিএআরের সহায়তায় রিপ্লে দেখে গোলটি বাতিল করেন রেফারি সেসার আর্তুরো রামোস। তার মতে, বল দখলে নেওয়ার সময় হেনরিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।
রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচের পর থেকেই বিতর্ক চলছে। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সিবিএফ।
অভিযোগে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই ম্যাচে লিওনেল মেসির গোলের আগে আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার এক খেলোয়াড়কে ট্যাকল করলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে সেই আক্রমণ থেকেই গোল করেন মেসি। অস্ট্রিয়ার খেলোয়াড়রা আপত্তি জানালেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি।
ব্রাজিলের দাবি, একই ধরনের দুটি ঘটনায় দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ভিনিসিয়ুসের বাতিল হওয়া গোলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ জাপান।
এমএস/