দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে কাতারের বিপক্ষে জয়ের বিকল্প দেখছে না বসনিয়া। বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলটি আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে জানিয়েছেন প্রধান কোচ সের্গেই বারবারেজ।
গ্রুপ ‘বি’-তে প্রথম ম্যাচে সহ-আয়োজক কানাডার সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারের মুখ দেখেছে বসনিয়া। ফলে শেষ ম্যাচে জয় না পেলে নকআউট পর্বে ওঠার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে তাদের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বারবারেজ বলেন, তার দল ৯০ মিনিট রক্ষণাত্মক ফুটবল খেলতে মাঠে নামবে না।
‘আমাদের লক্ষ্য কখনোই পুরো ম্যাচজুড়ে শুধু রক্ষণ সামলানো নয়। খেলার কিছু সময় প্রতিপক্ষকে খেলতে দিতে হয়, কিন্তু আমরা আক্রমণের চিন্তাও করি,’ বলেন তিনি।
কোচের মতে, ম্যাচটি শুধু লং বল বা রক্ষণভিত্তিক লড়াই হবে না। বরং দুই দলই জয় পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, যা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।
সিয়াটলে অনুষ্ঠিতব্য ম্যাচে বসনিয়া সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো হবে বলেও আশা করা হচ্ছে। তবে কাতারও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থনের জোর পাবে। ইতোমধ্যে স্টেডিয়ামের বিভিন্ন অংশে কাতারের পতাকা দেখা গেছে।
কাগজে-কলমে বসনিয়াকে এগিয়ে রাখা হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না বারবারেজ। তিনি বলেন, ‘আমরা ফেভারিট কি না, সেটি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না। ফিফা র্যাঙ্কিং বিবেচনায় কাতারই বরং এগিয়ে। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
সবশেষে তিনি যোগ করেন, ‘অনেক সময় ভালো ফর্ম কাগুজে শক্তিকেও হার মানিয়ে দিতে পারে।’
বসনিয়ার জন্য এটি বিশ্বকাপে দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে প্রথমবার বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার আশা ধরে রাখতে চায় ইউরোপের দলটি।
সূত্র: রয়টার্স
/অ