দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্স ও ইরাকের মধ্যকার বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ লড়াইটি আজ এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কায় ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো আবহাওয়াজনিত কারণে কোনো ম্যাচ বিঘ্নিত হওয়ার ঘটনা এটি।
ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত এক গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ফ্রান্স। বিরতির পর যখন দর্শকরা দ্বিতীয়ার্ধের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন, তখনই প্রতিকূল আবহাওয়ার খবর আসে। ফিফার একজন কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতেই আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে। ফিলাডেলফিয়া স্টেডিয়াম কর্তৃপক্ষ দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানালে পুরো গ্যালারি ফাঁকা হয়ে যায় এবং দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে ফিরে যান।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বজ্রঝড়ের ক্ষেত্রে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের কঠোর নিয়ম অনুসরণ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত বা বিদ্যুৎ চমকানোর ঘটনা শনাক্ত হলেই খেলা বন্ধ করা বাধ্যতামূলক। পুনরায় খেলা শুরু করার ক্ষেত্রে শর্ত হলো, সবশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত ওই সীমানার মধ্যে নতুন কোনো বজ্রপাত হতে পারবে না। কোনো কারণে এই সময়ের মধ্যে আবারও বজ্রপাত হলে পুনরায় ৩০ মিনিটের কাউন্টডাউন শুরু হয়। ফলে খেলা ঠিক কতক্ষণ স্থগিত থাকবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত খেলোয়াড়দের মাঠে নামার কোনো সুযোগ নেই।
যদিও এই দীর্ঘসূত্রতা সূচিতে বড় ধরনের জটিলতা তৈরির শঙ্কা থাকে, বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর ক্ষেত্রে যখন সমান্তরাল সূচি বজায় রাখা জরুরি হয়। তবে ফিফা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপসহ বেশ কিছু টুর্নামেন্টে একই কারণে দীর্ঘ বিরতি বা ম্যাচ পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত বছর চেলসি ও বেনফিকার একটি ম্যাচ শেষ হতে প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় লেগেছিল, যা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
বিশ্বকাপের মতো বড় আসরে আবহাওয়া এমন বাধা হয়ে দাঁড়ানোয় টুর্নামেন্টের ছন্দপতনের আশঙ্কা করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে আয়োজক সংস্থা ও ফিফা কর্তৃপক্ষের দাবি, সবকিছুর ঊর্ধ্বে এখন খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। এখন ফিলাডেলফিয়ার আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা।
কেএম