দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠ ও মাঠের বাইরে নানা প্রতিকূলতার মধ্যেও বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইরান। ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী আবারও যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে দলটিকে। তবে মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়ার আগে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি বার্তা রেখে গেছেন ইরানি ফুটবলাররা।
ইরান ফুটবল ফেডারেশন প্রকাশিত ওই চিঠিতে লেখা হয়, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরও ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছিল ইরান। বিষয়টি নিয়ে দলের অধিনায়ক ও কোচ প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন। বেলজিয়ামের বিপক্ষেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দলটিকে।
চিঠিতে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তার জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়। সেখানে লেখা হয়, ‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।’
এছাড়া সমর্থকদের উদ্দেশে লেখা হয়, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, কণ্ঠ ও প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।’
চিঠির নিচে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটি লেখা ছিল। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত হিসেবে এটি উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপের শুরু থেকেই নানা জটিলতার মুখে রয়েছে ইরান। টুর্নামেন্ট শুরুর আগে তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী তিজুয়ানায় নেওয়া হয়। এরপর প্রতিটি ম্যাচের আগের দিন ভেন্যুতে এসে ম্যাচ শেষে আবার যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে দলটিকে।
এত প্রতিকূলতার মধ্যেও দুই ম্যাচে দুটি ড্র করে নকআউট পর্বে ওঠার আশা ধরে রেখেছে ইরান।
বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের নায়ক ছিলেন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক ম্যাচে ৭টি সেভ করেন, যার মধ্যে ৪টি ছিল ডাইভিং সেভ। ২৩টি শট নেওয়া বেলজিয়াম লক্ষ্যে রাখা ৭টি শটের একটিও জালে জড়াতে পারেনি।
এমএস/