দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেপ ভার্দের বিপক্ষে পয়েন্ট হারিয়ে চাপে থাকা স্পেনের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে সৌদি আরব। সৌদি গোলরক্ষক আহমেদ আল-কাসার বলেছেন, ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। অন্যদিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, সমালোচনাকে তারা অনুপ্রেরণা হিসেবেই দেখছেন।
স্পেন ও সৌদি আরবের ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। লস অ্যাঞ্জেলেসে রাত ১টায় ইরানের মুখোমুখি হবে বেলজিয়াম। আর ভোর ৪টায় মাঠে নামবে উরুগুয়ে ও কেপ ভার্দে।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও কেপ ভার্দের বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছে স্পেন। তবে সৌদি আরব ম্যাচের আগে সেই সমালোচনাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন স্প্যানিশ কোচ।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘সমালোচনা আমাদের অনুপ্রাণিত করছে। আগের ম্যাচের ফলাফল খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটায়নি। সৌদি আরব সম্ভবত রক্ষণাত্মক কৌশলে খেলবে, যা তাদের জন্য কার্যকর হতে পারে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।’
কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে তিনি শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি দে লা ফুয়েন্তে।
তিনি বলেন, ‘ইয়ামালকে প্রথম একাদশে রাখা হবে কি না বা কতক্ষণ খেলানো হবে, সেটি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে এখন স্বস্তিতে আছে। এটিই আমাদের জন্য ভালো খবর।’
উরুগুয়ের বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী সৌদি আরবও স্পেনের বিপক্ষে বড় লড়াইয়ের অপেক্ষায় রয়েছে। দলের গোলরক্ষক আহমেদ আল-কাসার বলেন, ‘ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। কোচিং স্টাফ আমাদের সর্বোচ্চ প্রস্তুতি দিয়েছে। স্পেনের বিপক্ষে আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
সৌদি আরব কোচ জর্জিও দনিস বলেন, ‘ইয়ামাল সম্ভবত বিশ্বের সেরা প্রতিভা। বার্সেলোনায় সে মেসির জায়গা নেওয়ার কাজটা দারুণভাবে করছে। তার মতো ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা আনন্দের।’
এদিকে নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে ইরান ও বেলজিয়ামের জন্যও জয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, ‘ইরানের খেলা দেখার সুযোগ খুব বেশি হয়নি। তবে কয়েকজন খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে। তাদের বিপক্ষে জিততে হলে শতভাগ দিয়ে লড়তে হবে।’
বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে শেষবারের মতো অনুশীলন করেছে ইরান ফুটবল দল।
এমএস/