দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের সমীকরণ স্পষ্ট হতে শুরু করেছে। এখন পর্যন্ত দুটি দল শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে, আর দুটি দলের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।
সহ-আয়োজক মেক্সিকোই সবার আগে নকআউট পর্বে ওঠার টিকিট নিশ্চিত করে। ‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল মেক্সিকো।
নকআউট পর্ব নিশ্চিত করা দ্বিতীয় দল যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া প্রথম দল হাইতি। ‘সি’ গ্রুপে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর তাদের নকআউটের স্বপ্ন শেষ হয়ে যায়। এর আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও ১-০ গোলে হেরেছিল ক্যারিবীয় দেশটি। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলা হাইতির প্রত্যাবর্তন তাই গ্রুপ পর্বেই থেমে গেল।
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া দ্বিতীয় দল তুরস্ক। ‘ডি’ গ্রুপে ১০ জনের প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তুরস্ক। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে আসা দলটির বিশ্বকাপযাত্রা শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল শেষ ৩২-এ উঠবে।
এদিকে এবারের বিশ্বকাপে সমতা ভাঙার নিয়মেও এসেছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো সমান পয়েন্ট পাওয়া দলগুলোর ক্ষেত্রে গোল ব্যবধানের আগে বিবেচনায় নেওয়া হচ্ছে মুখোমুখি লড়াইয়ের ফল। এই নিয়মের কারণেই হাইতি ও তুরস্ক গ্রুপে তৃতীয় স্থানে থাকা দলগুলোর সমান পয়েন্টে পৌঁছানোর সুযোগ থাকলেও নকআউটের আশা হারিয়েছে।
গ্রুপ পর্ব চলমান থাকায় আগামী কয়েক দিনে আরও অনেক দলের নকআউট পর্ব নিশ্চিত হওয়া কিংবা বিদায় নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ