দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বার্সেলোনায় পাড়ি জমানোর পর ধীরে ধীরে নিজের চেনা ছন্দ হারাতে থাকেন ফেলিপে কৌতিনহো। লিভারপুলের জার্সিতে একসময় বিশ্ব ফুটবলে আলো ছড়ানো এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার পরবর্তী সময়ে জাতীয় দলেও নিজের জায়গা হারান। এবার সেই কৌতিনহোই ফিরছেন ব্রাজিলের ক্লাব ফুটবলে, যোগ দিচ্ছেন সান্তোসে।
শৈশবে ভাস্কো দা গামার হয়ে বেড়ে উঠেছিলেন কৌতিনহো। তাঁর ঘনিষ্ঠ বন্ধু নেইমার জুনিয়র তখন প্রতিদ্বন্দ্বী ক্লাব সান্তোসের হয়ে আলো ছড়াচ্ছিলেন। দীর্ঘ সময় পর এবার সেই সান্তোসেই দুই বন্ধুর আবারও একসঙ্গে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ব্রাজিলের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা ব্রাসিলেইরাওয়ে সান্তোসের সময়টা ভালো যাচ্ছে না। দলের পারফরম্যান্সে প্রাণ ফেরাতে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই প্লে-মেকারকে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
৩৪ বছর বয়সী কৌতিনহোর ওপর এখন সান্তোসের ঘুরে দাঁড়ানোর বড় দায়িত্ব। তাঁর অভিজ্ঞতা, সৃজনশীলতা ও মাঠের নেতৃত্ব দলটির দুর্দশা কাটাতে কতটা কাজে আসে, সেটিই দেখার বিষয়।
তবে কৌতিনহোর সান্তোসে যোগ দেওয়ার পেছনে রয়েছে নেইমারের দুর্ভাগ্যজনক চোটও। পুরোনো সাফল্য ফিরিয়ে আনতে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড সান্তোসে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি ডান উরুর রেকটাস ফেমোরিস পেশিতে গ্রেড-২বি মাত্রার গুরুতর চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
নেইমারের ফেরার অপেক্ষায় না থেকে আক্রমণভাগ ও সৃজনশীলতায় বিকল্প তৈরি করতে অভিজ্ঞ কৌতিনহোকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় সান্তোস কর্তৃপক্ষ। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ পর্যন্ত কৌতিনহোর সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
এখন কৌতিনহোর পারফরম্যান্সে সান্তোস কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই দেখার অপেক্ষা। আর নেইমার সুস্থ হয়ে মাঠে ফিরলে শৈশবের দুই বন্ধুর পুনর্মিলন সান্তোসের ভাগ্য কতটা বদলাতে পারে, তা নিয়েও তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
এমএস/