দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর এই ম্যাচ ঘিরে অস্ট্রেলিয়ান দর্শকদের আগ্রহও বেড়েছে। এরই মধ্যে ম্যাচের প্রথম দিনের সাধারণ টিকিট বিক্রি হয়ে গেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানানো হয়েছে, এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টের প্রথম দিনের সাধারণ টিকিটের সবই বিক্রি হয়ে গেছে। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট দিয়েই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার।
ডারউইনে প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে ম্যাকাইয়ের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দেখতে দর্শকদের আগ্রহের কারণে প্রথম দিনের টিকিট দ্রুত শেষ হয়ে গেছে। তবে দ্বিতীয় থেকে চতুর্থ দিনের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রবাসীদের প্রকাশনা ‘দ্য ইন্ডিয়ান সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দিনের টিকিটের চাহিদাও বেশ ভালো এবং সেগুলো দ্রুত শেষ হয়ে আসছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যের বরাত দিয়ে প্রকাশনাটি জানায়, প্রথম দিনের সাধারণ গ্যালারির পাশাপাশি করপোরেট হসপিটালিটি প্যাকেজের টিকিটও শেষ হয়ে গেছে।
কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরটি নৈসর্গিক সৌন্দর্য ও নানা ধরনের বিনোদনের জন্য পরিচিত। এবার সেই শহরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে পুরো ম্যাচজুড়েই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল বাংলাদেশ। প্রায় প্রতিটি সেশনেই আধিপত্য ধরে রেখে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ে নাজমুল হোসেনের দল।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে এমন দাপুটে পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বের প্রশংসাও কুড়িয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের পর দ্বিতীয় টেস্ট ঘিরে বাংলাদেশকে নিয়ে অস্ট্রেলিয়ান দর্শকদের আগ্রহ বাড়াটাও তাই স্বাভাবিক।
এমএস/