দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানান তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মীর শাহে আলম বলেন, প্রতিযোগিতাকে সারা দেশে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে।
তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এডিপির শিক্ষা ও ক্রীড়া খাতের বরাদ্দ থেকে প্রতিযোগিতার ব্যয় নির্বাহের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি জেলা পরিষদ ও পৌরসভাগুলোকে জেলা পর্যায়ের খেলায় আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল দল গঠন নিশ্চিত করতে হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। কোনো প্রতিষ্ঠান কেন দল গঠন করতে পারছে না, তাও খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ১১ বা ১৫ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।
মীর শাহে আলম বলেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়া হলে মাঠগুলো আরও খেলার উপযোগী করা সম্ভব হবে।
তিনি জানান, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। এ লক্ষ্যেই ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ আয়োজন করা হচ্ছে। সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন এবং অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত ও অন্যান্য ব্যয়ের জন্য স্থানীয়ভাবে সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এমএম/