দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর কারাতে বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত জীমের (ইয়াসার আহমেদ জীম) মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২) মো. মাহফুজুল আলম খানকে। সদস্য হিসেবে রয়েছেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হাসান। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমান।
বিকেএসপির প্রাথমিক তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে ইয়াসীন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তবে বিকেএসপির মতো সংরক্ষিত ক্যাম্পাসে কীভাবে এ ঘটনা ঘটল, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নিহত ইয়াসীন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। তিনি বিকেএসপিতে কারাতে বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্যও অন্তর্ভুক্ত করতে পারবে।
এমএম/