দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য বিশাল অঙ্কের ট্রান্সফার মূল্য নির্ধারণ করেছে স্প্যানিশ জায়ান্টরা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল।
তবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে চাইলে যে কোনো ক্লাবকে বড় অঙ্কের অর্থ গুনতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলে ভিনিসিয়ুসকে ছাড়তে হলে মূল ট্রান্সফার ফি ও পারফরম্যান্সভিত্তিক বোনাস মিলিয়ে মোট ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে হবে।
রিয়ালের বিশ্বাস, ২৬ বছর বয়সী এই তারকার বাজারমূল্য ধরে রাখা এবং সুযোগসন্ধানী ক্রেতাদের নিরুৎসাহিত করতেই এমন মূল্য নির্ধারণ করা হয়েছে।
ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তাই বড় অঙ্কের ক্ষতিপূরণ ছাড়া তাকে ছাড়তে রাজি নয় ক্লাবটি। যদিও রিয়াল চাইছে তিনি ক্লাবেই থাকুন, তবে চুক্তি নবায়ন নিয়ে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বিকল্প পথও বিবেচনায় রাখা হচ্ছে।
এদিকে, প্রিমিয়ার লিগজয়ী স্কোয়াডকে আরও শক্তিশালী করতে চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে উত্তর লন্ডনে আনার পক্ষে সবচেয়ে বেশি আগ্রহী তিনিই। যদিও গানার্সরা ইতোমধ্যে ক্রিস্টোস জোরিসকে দলে নিয়েছে, তবুও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের পর স্কোয়াডে আরও একজন বিশ্বমানের তারকা যোগ করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন আর্তেতা।
তবে দুই ক্লাবের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না—এমন ইঙ্গিত মিললেই রেকর্ড অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত থাকবে আর্সেনাল।
ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অন্যতম কারণ তার বেতন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিলিয়ান এমবাপ্পের কাছাকাছি বেতন দাবি করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা রিয়ালের বর্তমান বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের পর চুক্তি নবায়ন নিয়ে চূড়ান্ত বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে সেই বৈঠকেও সমাধান না এলে চুক্তির মেয়াদ কমে যাওয়ার আগেই আনুষ্ঠানিক প্রস্তাব বিবেচনা করতে পারে রিয়াল মাদ্রিদ।
এমএস/