দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিম্বাবুয়ে সফর শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে না গিয়ে দেশের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে তাসকিন নিজের প্রস্তুতিকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। আগস্টের শুরুতেই দল দেশ ছাড়ার কথা রয়েছে। যদিও এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি, তবে তাসকিনের দলে থাকা প্রায় নিশ্চিত।
শাহরিয়ার নাফিস বলেন, ‘জিম্বাবুয়ে সফর শেষে এলপিএলে অংশ নেওয়ার জন্য আগেই তাসকিনকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল। তবে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তাকে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়। সিরিজ শেষে তাসকিন মনে করেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাওয়ার চেয়ে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নেওয়াই বেশি কার্যকর হবে। এ কারণেই তিনি এলপিএলে যাচ্ছেন না। তার এই সিদ্ধান্তকে বিসিবি সাধুবাদ জানিয়েছে।’
জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে না খেললেও দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেই ছন্দের ইঙ্গিত দিয়েছেন তাসকিন। গত মে মাসে প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ছয়টি উইকেট শিকার করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজের আগে তাই নিজের সেরাটা ফিরে পেতেই প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ দিচ্ছেন এই ডানহাতি পেসার।
এমএস/