দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র একটি ম্যাচ পরিচালনার পরই কোনো কোচ চাকরি হারালেন।
মেক্সিকোর গুয়াদালুপে অবস্থিত এস্তাদিও মনতেরেতে রোববার ‘এফ’ গ্রুপের ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় তিউনিসিয়া। ম্যাচের পরপরই লামুশিকে বরখাস্ত করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও সোমবার তিনি দলের অনুশীলন পরিচালনা করেন।
তবে পরে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৫৪ বছর বয়সী এই ফরাসি কোচের চুক্তি বাতিল করা হয়েছে।
লামুশির স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক মরক্কো ও সৌদি আরবের কোচ এরভে রেনার। বিশ্বকাপের বাকি সময় তিনি দলের দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের জানুয়ারিতে তিউনিসিয়ার দায়িত্ব নেন লামুশি। আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোতে মালির কাছে হারের পর সামি ত্রাবেলসির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। কিন্তু মাত্র পাঁচ মাসের মধ্যেই তার অধ্যায়ের সমাপ্তি ঘটল।
তিউনিসিয়ার হয়ে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করেন লামুশি। এর মধ্যে একমাত্র জয়টি ছিল প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও ভালো করতে পারেনি তার দল। অস্ট্রিয়ার কাছে ১-০ এবং বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হেরেছিল তারা।
সুইডেনের কাছে হারের পর লামুশি বলেছিলেন, ‘এভাবে বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা সত্যিই কষ্টের। আমরা অনেক বেশি ভুল করেছি। নিজেদের ভুলেই নিজেদের ক্ষতি করেছি।’
বিশ্বকাপে তিউনিসিয়ার সামনে এখনো দুটি গ্রুপ ম্যাচ বাকি রয়েছে। ‘এফ’ গ্রুপে তাদের পরবর্তী প্রতিপক্ষ জাপান ও নেদারল্যান্ডস।
/অ