দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সাবেক সেন্টার ব্যাক। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিল ও বিশ্ব ফুটবলে।
গতকাল (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সিবিএফ।
১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন ব্রিতো। ১৯৬৬ বিশ্বকাপেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন শক্তিশালী এক জুটি, যা সে সময় ব্রাজিলের অন্যতম ভরসা ছিল।
ব্রিতোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রাজিলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনদেন্সিয়াও জিতেছিলেন ব্রিতো।
এই তারকার অবদান উল্লেখ করে সামির জাউদ আরও বলেন, ‘আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।’
/অ