দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়, কোচ ও রেফারিদের মানিয়ে নিতে হবে বেশ কয়েকটি নতুন নিয়মের সঙ্গে। সময় নষ্ট রোধ, সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা বৃদ্ধি এবং খেলার গতি ধরে রাখতে এসব পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে বদলি করা হলে তাকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মাঠ ত্যাগ করতে ব্যর্থ হলে তার পরিবর্তে নামা খেলোয়াড়কে আরও এক মিনিট অপেক্ষা করতে হবে।
থ্রো-ইন ও গোলকিকের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। থ্রো-ইন নিতে পাঁচ সেকেন্ডের বেশি সময় নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। আর গোলকিক নিতে অযথা দেরি করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হতে পারে।
খেলার সময় কোনো ফুটবলার আহত হলে তার চিকিৎসা মাঠের বাইরে করা হবে। গোলরক্ষক ছাড়া অন্য কোনো খেলোয়াড় মাঠের ভেতরে চিকিৎসা নিতে পারবেন না।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত এবং কর্নার কিকের মতো কিছু বিতর্কিত পরিস্থিতিতেও এখন ভারের সহায়তা নেওয়া যাবে। এর আগে দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে ভার হস্তক্ষেপ করত না।
গোলরক্ষকদের জন্যও এসেছে নতুন বিধান। বল হাতে নিয়ে আট সেকেন্ডের বেশি সময় ধরে রাখলে প্রতিপক্ষ দলকে কর্নার বা থ্রো-ইনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে সময়ক্ষেপণের প্রবণতা কমানোর চেষ্টা করা হচ্ছে।
পেনাল্টি কিকের নিয়মেও পরিবর্তন এসেছে। শট নেওয়ার সময় খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে দুইবার বল স্পর্শ করলে গোল বাতিল করা হবে। তবে রেফারির কাছে যদি বিষয়টি অনিচ্ছাকৃত বলে মনে হয়, তাহলে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ দেওয়া হবে।
বিশ্বকাপ কর্তৃপক্ষের আশা, নতুন এসব নিয়ম খেলার গতি ও প্রতিযোগিতামূলক পরিবেশ আরও উন্নত করবে।
এমএস/