দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা টেস্টের দারুণ জয়ের পর সিলেট টেস্টেও দুই দিনের খেলা শেষে চালকের আসনে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ রান তুলে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দুই দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৬ রান।
রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ বলে মুমিনুল হকের আউট কিছুটা হতাশা বাড়ালেও, সামগ্রিকভাবে দিনটি ছিল বাংলাদেশের দখলে।
সকালে বিনা উইকেটে ২১ রান নিয়ে ব্যাটিং শুরু করা পাকিস্তান শেষ পর্যন্ত ২৩২ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম। শেষদিকে সাজিদ খানের ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে পাকিস্তান। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। ৭ বলে ৪ রান করে খুররম শাহজাদের বলে ক্যাচ দেন তিনি। তবে অন্য প্রান্তে দারুণ ব্যাটিং করেন মাহমুদুল হাসান জয়। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ৬৪ বলে ১০ চারে ৫২ রান করেন এই ওপেনার।
জয়ের সঙ্গে মুমিনুল হকের ৭৬ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেয়। জয় আউট হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস গড়ছিলেন মুমিনুল। কিন্তু দিনের একেবারে শেষ বলে খুররম শাহজাদের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬০ বলে ৩০ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
দিন শেষে ১৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ নেন ২টি এবং মোহাম্মদ আব্বাস নেন ১টি উইকেট।
এর আগে পাকিস্তানের ইনিংসে দিনের শুরুতেই আঘাত হানে বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আবদুল্লাহ ফজল। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজান আইওয়াসকেও ফেরান তাসকিন।
মেহেদী হাসান মিরাজ ফেরান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও সৌদ শাকিলকে। বাবর আজম অবশ্য একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন। তবে ব্যক্তিগত ৬৮ রানে নাহিদ রানার বলে আউট হন তিনি।
চা বিরতির পর দ্রুত রান তোলার চেষ্টা করে পাকিস্তানের টেলএন্ডাররা। হাসান আলী ১৮ রান করেন। শেষদিকে সাজিদ খানের ঝড়ো ইনিংসে পাকিস্তান কিছুটা লড়াইয়ের পুঁজি পেলেও, শেষ পর্যন্ত ৪৬ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
এমএস/