দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ নিয়োগে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভাতেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার বড় অংশজুড়ে ছিলেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান।
ক্রিস কোলম্যান বাংলাদেশ দলের কোচ হতে আগ্রহী। বাফুফেও তাকে দায়িত্ব দিতে আগ্রহ দেখাচ্ছে। তবে দুই পক্ষের মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক বিষয়। কোলম্যান তার পুরো কোচিং স্টাফসহ এলে প্রতি মাসে ৬০ থেকে ৭০ লাখ টাকার বেশি ব্যয় হবে, যা বাফুফের বর্তমান সামর্থ্যের বাইরে।
তবুও কোলম্যানের মতো আন্তর্জাতিক মানের কোচ বাংলাদেশে কাজ করতে আগ্রহ দেখানোয় সুযোগটি হাতছাড়া করতে চায় না বাফুফে। তাই সরাসরি অপারগতা প্রকাশ না করে বিকল্প অর্থায়নের পথ খোঁজা হচ্ছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কোলম্যানের চাহিদা ও বাফুফের আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি তিনি প্রতিমন্ত্রীকে অবহিত করবেন। এরপর আবার জাতীয় দল কমিটিকে জানানো হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তুরস্কের কোনিয়ায় যুব সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরছেন বৃহস্পতিবার সকালে। তার সঙ্গে আলোচনার পরই কোচ নিয়োগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে। প্রয়োজনে জাতীয় দল কমিটির আরেকটি সভাও অনুষ্ঠিত হতে পারে।
বাফুফে সূত্রে জানা গেছে, কোলম্যানকে নিয়োগ দিতে হলে ক্রীড়া মন্ত্রণালয়ের বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রয়োজন হবে। তবে মাসিক ব্যয় অনেক বেশি হওয়ায় বিষয়টি মন্ত্রণালয়ের জন্যও চ্যালেঞ্জ হতে পারে।
সভায় এ বিষয়েও আলোচনা হয়েছে যে, আগামী এক বছরে সাফ চ্যাম্পিয়নশিপ ছাড়া জাতীয় দলের বড় কোনো সূচি নেই। এমন পরিস্থিতিতে শুধুমাত্র কোচিং স্টাফের পেছনে কোটি কোটি টাকা ব্যয় কতটা যৌক্তিক, সে প্রশ্নও উঠেছে।
আলোচনায় আরও উঠে আসে, বাংলাদেশের ফুটবলে এখনো অবকাঠামো, ফুটবলার তৈরির পাইপলাইন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় ঘাটতি রয়েছে। তাই শুধু বড় কোচ নিয়োগ দিলেই কাঙ্ক্ষিত সাফল্য আসবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে।
এমএস/