দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইতালির ক্লাব আতালান্তাকে ৬–১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে খেলেও পুরো ম্যাচে বায়ার্নের কাছে অসহায় ছিল আতালান্তা।
মঙ্গলবার ইতালির জিউইস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধেই তিন গোল করে বড় ব্যবধান গড়ে তোলে বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল যোগ করে ম্যাচটি একতরফা করে দেয় তারা। শেষ মুহূর্তে মারিও পাসালিচের গোলে ব্যবধান কিছুটা কমায় স্বাগতিকরা।
বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল ওলিসে। একটি করে গোল করেন জোসিপ স্ট্যানিসিচ, সার্জি গ্যানাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। আতালান্তার একমাত্র গোলটি করেন মারিও পাসালিচ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ১২ মিনিটে সার্জি গ্যানাব্রির পাস থেকে জোসিপ স্ট্যানিসিচ গোল করে দলকে এগিয়ে দেন। ২২ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। তিন মিনিট পর ওলিসের বাড়ানো বল থেকে সার্জি গ্যানাব্রি গোল করে প্রথমার্ধেই বায়ার্নকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জার্মান ক্লাবটি। ৫২ মিনিটে নিকোলাস জ্যাকসন গোল করে ব্যবধান বাড়ান। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওলিসে। এরপর বদলি নেমে ৬৯ মিনিটে জালের দেখা পান জামাল মুসিয়ালা।
পুরো ম্যাচেই আধিপত্য ছিল বায়ার্নের। বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল তারা। অন্যদিকে আতালান্তা খুব কম সুযোগ তৈরি করতে পারে।
ম্যাচের অতিরিক্ত সময়ে মারিও পাসালিচ গোল করে আতালান্তার হয়ে একমাত্র সান্ত্বনা গোলটি করেন।
এই বড় জয়ের ফলে শেষ আটে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। দুই দলের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ বায়ার্নের মাঠে।
এমএস/