দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের ব্রাজিলিয়ায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান সুপার কাপের ফাইনালে বিরল এক রেফারিং সিদ্ধান্ত ঘিরে তীব্র আলোচনা তৈরি হয়েছে। ফ্লামেঙ্গোর কলম্বিয়ান মিডফিল্ডার জর্জে কারাস্কালকে প্রথমার্ধে করা একটি ফাউলের জন্য দ্বিতীয়ার্ধে ভিএআর রিভিউয়ের পর লাল কার্ড দেখান রেফারি।
গতরাতে করিন্থিয়ান্সের বিপক্ষে ফ্লামেঙ্গোর ম্যাচটি ২-০ গোলে জিতে শিরোপা জেতে করিন্থিয়ান্স। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় আসে কারাস্কালের লাল কার্ড। প্রথমার্ধের শেষদিকে করিন্থিয়ান্সের মিডফিল্ডার ব্রেনো বিডনের মুখে কনুই মারার অভিযোগ ওঠে কারাস্কালের বিরুদ্ধে। ওই ঘটনায় বিডন কয়েক মিনিট মাঠে পড়ে থাকলেও ভিএআরের আবেদন সত্ত্বেও তখন কোনো সিদ্ধান্ত দেননি রেফারি। উভয় দল ধরে নেয় বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে এবং বিরতিতে ড্রেসিংরুমে ফিরে যায়।
কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে রেফারি রাফায়েল ক্লেইন ভিএআর মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় পর্যালোচনা করেন এবং ফাউল হয়েছে বলে সিদ্ধান্ত নেন। এরপর কারাস্কালকে সরাসরি লাল কার্ড দেখানো হয়, যা ফ্লামেঙ্গোর খেলোয়াড়দের হতবাক করে দেয়।
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফ্লামেঙ্গোর খেলোয়াড়রা বলেন, এমন রিভিউ প্রথমার্ধেই হওয়া উচিত ছিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা করিন্থিয়ান্স দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দশজনের ফ্লামেঙ্গোর বিপক্ষে ইউরি আলবার্তোর গোলে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে। তাদের প্রথম গোলটি করেছিলেন গ্যাব্রিয়েল পাউলিস্তা।
ম্যাচ শেষে ফ্লামেঙ্গোর কোচ ফিলিপে লুইস এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করে বলেন, ‘এটা আমার জীবনে কখনো দেখিনি। খেলোয়াড়রা ধরে নিয়েছিল রিভিউ হয়ে গেছে এবং আমরা ১১ জনে ১১ জনে খেলতে পরিকল্পনা করেছিলাম। আমি হারার অজুহাত দিচ্ছি না, কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি।’
এই বিতর্কের ব্যাখ্যায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানায়, স্টেডিয়ামের কয়েকটি সেক্টরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফিস সাময়িকভাবে অকার্যকর ছিল। এক বিবৃতিতে সিবিএফ জানায়, প্রাথমিকভাবে পাওয়া ভিডিওতে পরিষ্কার প্রমাণ না থাকায় প্রথমার্ধ শেষ করা হয়। পরে নতুন করে ফুটেজ পর্যালোচনায় অনিয়ম স্পষ্ট হওয়ায় রিভিউয়ের সুপারিশ আসে এবং সে অনুযায়ী রেফারি লাল কার্ড দেখান।
এমএস/