দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল রিয়াল মাদ্রিদ, তবে তৃতীয়বার আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় তুলে নিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখে বার্সেলোনা।
সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। এর মাধ্যমে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড ১৬তমবারের মতো চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। টানা দ্বিতীয় মৌসুমে ফাইনালে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতল তারা। গত মৌসুমে একই প্রতিপক্ষকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সা।
বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া, আর একটি গোল যোগ করেন রবার্ট লেভান্ডভস্কি। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপেকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয় হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। বিপরীতে রিয়াল মাদ্রিদ রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল। ৩৬ মিনিটে রাফিনিয়া বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে বার্সাকে এগিয়ে দেন। তবে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রের একক নৈপুণ্যে করা গোল রিয়ালকে সমতায় ফেরায়।
এরপর আবার এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির দারুণ পাস থেকে লেভান্ডভস্কি চিপ শটে গোল করেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গনজালো গার্সিয়ার গোলে ফের সমতা আসে ম্যাচে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে গেলেও উত্তেজনা ছিল সমানতালে। ৭৩ মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে পড়ে। সেটিই হয়ে দাঁড়ায় ম্যাচের নির্ধারক গোল।
এই জয়ে হান্সি ফ্লিকের অধীনে চতুর্থ শিরোপা জিতল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা জয়ের সংখ্যা এখন ১০। লা লিগার শীর্ষেও রয়েছে কাতালান ক্লাবটি।
এবি/