দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল মাঠে বয়সের ছাপ পড়লেও ক্লাস যে কখনো ফুরায় না, সেটাই আবার প্রমাণ করলেন আনহেল ডি মারিয়া। জাতীয় দলকে বিদায় জানানোর পরও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এক দশক পর ফের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন এই অভিজ্ঞ তারকা।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলার নির্বাচিত হন ডি মারিয়া। এই পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্টিনেজ ও লেয়ান্দ্রো পারদেসকে।
ডি মারিয়ার ক্যারিয়ারে এটি দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের সম্মাননা। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর আবারও একই স্বীকৃতি অর্জন তার ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার উজ্জ্বল উদাহরণ।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে গত বছরটি ছিল ডি মারিয়ার জন্য অত্যন্ত সফল। পর্তুগিজ ক্লাব বেনফিকা ছেড়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে গিয়ে নতুন করে নিজেকে মেলে ধরেন তিনি। লিগে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।
উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর এই পুরস্কারের ইতিহাসে সর্বোচ্চ ১৬ বার জিতে রেকর্ডধারী এখনও লিওনেল মেসি।
জে আই