দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ইনজুরি যেন ভারতীয় শিবিরে মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। তবে সিডনির হাসপাতাল থেকে এবার এসেছে আশার খবর— ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই ব্যাটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে চোট পান আইয়ার। পরিস্থিতি গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে সিডনির এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অস্ত্রোপচারও করতে হয়।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল রয়েছেন আইয়ার, এবং তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
এখন তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনকি নিজে থেকেই ছোটখাটো কাজও সারছেন। চিকিৎসকদের মতে, আইয়ারের পুরোপুরি সুস্থ হতে আরও পাঁচ থেকে সাত দিন সময় লাগবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এমনকি একজন বোর্ড সদস্যকে সিডনিতে পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে বোর্ড।
এদিকে, ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়েছেন, আইয়ারের অবস্থা এখন অনেক ভালো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওর চোটের খবর জানার পরই প্রথম দিন ফোন করেছিলাম। পরে ফিজিও কামলেশ জানালেন, আইয়ার এখন কথা বলছে, মেসেজ করছে। ও বলেছে, কয়েকদিন নিজের যত্ন নেবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, ওর অবস্থার উন্নতি হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে জয় পেয়েছিল ভারত। আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে ইনজুরির কারণে নেই শ্রেয়াস আইয়ার। তার লক্ষ্য এখন একটাই— পুরোপুরি সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে ফেরা।
জে আই