দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেই তীব্র সমালোচনার মুখে পড়েন কয়েকজন জাতীয় ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন নাঈম শেখও। পরে এই বাঁহাতি ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন। তবে প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, এমন সমালোচনার জবাব সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত নয়।
আগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে সিমন্স বলেন, ‘প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার নেই। প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার আছে, কিন্তু জাতীয় ক্রিকেটার হিসেবে এসবের জবাব দেওয়া একদমই ঠিক না।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের ওপর বর্ণবাদী মন্তব্য করা বা ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যেখান থেকেই আসুন, এটা অমানবিক। বিশেষ করে জাকের আলির প্রতি যেভাবে মন্তব্য করা হয়েছে, আমি তাতে ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। আমি চাই না আমার ক্রিকেটাররা এসবের কোনো জবাব সামাজিক মাধ্যমে দিক।’
সম্প্রতি দর্শকদের কাছ থেকে পাওয়া বিরূপ আচরণের বিষয়ে নিজের ফেসবুক পেজে নাঈম শেখ লিখেছিলেন, ‘আমরা যারা মাঠে নামি, শুধু খেলতে নামি না—দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা আমাদের রক্তে মিশে আছে। প্রতিটা রান, প্রতিটা বল, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাকে গর্বিত করতে। জয় আসে, পরাজয়ও আসে—এটাই খেলাধুলার বাস্তবতা। কিন্তু যেভাবে ঘৃণা ও আক্রমণের শিকার হয়েছি, তা কষ্ট দেয়।’
নাঈম আরও লেখেন, ‘আমরা মানুষ, ভুল করি। কিন্তু দেশের প্রতি ভালোবাসা বা চেষ্টার ঘাটতি রাখি না। সমালোচনা হোক যুক্তির ভিত্তিতে, রাগ বা ঘৃণায় নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক বা পরাজয়, লাল-সবুজ যেন সবার গর্ব থাকে, ক্ষোভের নয়।’
এমএস/