দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পূর্ব অনুমিত অন্যরাও এসেছেন বোর্ড পরিচালক হিসেবে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি তার চরম ক্ষোভও উগড়ে দিয়েছেন।
পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হবে।’
নানা নাটকীয়তায় ভরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ ছিল আজ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ।
গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন। তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় ভোটার সংখ্যা হয়েছে ১৯১ জন। ১৫টি ক্লাবের মনোনীত কাউন্সিলরদের নিয়ে জটিলতা থাকলেও আদালতের নির্দেশে গতকাল তারা ভোটাধিকার ফেরত পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি বিভাগে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট দেওয়ার সুযোগ ছিল ১৫৬ জনের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এই ১৫৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১১৫ জন। অর্থাৎ ৭৩.৭১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটায় নির্বাচিত ১০ জন হলেন-
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।
ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।
সিলেট বিভাগ- রাহাত শামস।
রাজশাহী- মোখলেসুর রহমান।
রংপুর- হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটায় নির্বাচিত ১২ প্রার্থী হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন দুজন। তার হলেন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
/অ