দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য সমাপ্ত এশিয়া কাপে বল হাতে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব। পুরো আসরে তিনি নিয়েছেন সর্বোচ্চ ১৭ উইকেট। সেরা পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কুলদিপ। প্রথম দুই ওভারে ২৩ রান খরচ করলেও পরের দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। তার স্পিন জাদুতেই ১ উইকেটে ১১৩ রানে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে। এই চার উইকেটের সৌজন্যে টুর্নামেন্ট শেষ করেন সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে।
ভারতের এই স্পিনারের ওভারপ্রতি রান খরচ ছিল মাত্র ৬.২৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।
তালিকার দুই নম্বরে আছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি এই পেসার ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। টুর্নামেন্টের শেষ দিকে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি জায়গা করে নেন সেরাদের কাতারে।
সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ পেসার জুনায়েদ সিদ্দিকি খেলেছেন মাত্র ৩ ম্যাচ, তবে নিয়েছেন ৯ উইকেট। একই সংখ্যক উইকেট নিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও। কাটার মাস্টার ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তালিকার চারে আছেন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট তার সেরা বোলিং।
পাঁচ নম্বরে আছেন পাকিস্তানের গতিতারকা হারিস রউফ। ফাইনালে ব্যর্থ হলেও এর আগে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনি জায়গা করে নেন শীর্ষ পাঁচে।
জে আই