দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। টাইগারদের টানা তিন সিরিজ জয়ের ফলে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। লিটনের দলের প্রশংসাও করেছেন তিনি।
সোমবার (১ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর গণমাধ্যমে কথা বলেছেন বুলবুল। সেখানে প্রথমেই ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদেরও প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার।
বিসিবি সভাপতি বলেন, ‘সিরিজ জয়ের কৃতিত্ব প্রথমে ক্রিকেটারদের, সাপোর্ট স্টাফদের, বোর্ড এবং সবার আগে সমর্থকদের। আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে তিনটা টিম যদি ভালো না খেলে তাহলে ভালো পারফরম্যান্স আসে না।’
তিনি আরও বলেন, ‘তিনটা টিম বলতে বোঝাচ্ছি- আমরা যারা বোর্ডের টেবিলে কাজ করি, যারা ডাগআউটে বসে থাকে, আর যারা মাঠে খেলে। এই তিনটা টিমের সংমিশ্রণ বা বোঝাপড়াটা যখন ভালো হয় তখন দল ভালো খেলে। এ কারণেই আমরা তিনটা সিরিজ জিতলাম। তবে কৃতিত্ব ছেলেদেরই দিতে হবে।’
বুলবুল বলেন, ‘সামনে এশিয়া কাপ আছে, এরপর বিশ্বকাপ আছে। একটার পর একটা খেলা আসতেই থাকে। উন্নতিও আসতে থাকে। ভারত সিরিজ বাতিল হওয়ার পর আমরা এই সিরিজ আয়োজন করতে চাই যেন ওরা খেলার মধ্যে থাকে। তাদের মধ্যেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের একটা আবহ যেন থাকে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি দেখছি যে জিতলেই ওরা এখন খুশি হয়ে যাচ্ছে না। উন্নতির কী কী জায়গা আছে ওরা ওটা নিয়ে কোচদের সঙ্গে কথা বলছে। ওরা একটা দল হিসেবে এগিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রস্তুতি হয়ে গেল।’
/অ