দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০০৬ সালে প্রথমবার ওয়ানডেতে ৪০০ রানের গণ্ডি পেরিয়েছিল অস্ট্রেলিয়া। তবে আজ রোববার (২৪ আগস্ট) নিজেদের সেই রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েও থেমে গেল তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৪৩১ রান।
এই ম্যাচে একের পর এক রেকর্ড গড়েছেন অজি ব্যাটাররা। ওয়ানডের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার তিন টপ অর্ডার একসঙ্গে সেঞ্চুরি করলেন। ট্রাভিস হেড ১০৩ বলে সর্বোচ্চ ১৪২ রান, অধিনায়ক মিচেল মার্শ ১০৬ বলে ১০০ এবং ক্যামেরন গ্রিন ৫৫ বলে অপরাজিত ১১৮ রান করেন। অ্যালেক্স ক্যারি ৩৭ বলে অপরাজিত ৫০ রান করে ইনিংস শেষ করেন।
ওপেনিংয়ে হেড-মার্শ জুটি তুলেছে ২৫০ রান, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো দলের তৃতীয় সর্বোচ্চ। একই ম্যাচে প্রথমবার অস্ট্রেলিয়ার দুটি ১৫০ রানের বেশি জুটি হয়েছে। সব মিলিয়ে এটি ওয়ানডেতে দশমবার।
ব্যক্তিগত মাইলফলকও এসেছে একই ইনিংসে। ক্যামেরন গ্রিন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিই করলেন রেকর্ড গড়ে মাত্র ৪৭ বলে, যা অজিদের হয়ে দ্বিতীয় দ্রুততম। এর আগে ২০২৩ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার ৪৩১ রান ওয়ানডের ইতিহাসে নবম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে মাত্র ২ উইকেট হারিয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ। আজকের ম্যাচে অজিরা ১৮টি ছক্কা হাঁকিয়েছে, যা ঘরের মাঠে তাদের সর্বোচ্চ এবং প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। গ্রিন একাই মেরেছেন ৮টি ছক্কা। রিকি পন্টিংয়ের ৯ ছক্কার পর যা অজি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বোলারদের দিনটা ছিল ভীষণ কঠিন। উইয়ান মুল্ডার ৭ ওভারে ৯৩ রান খরচ করেও ছিলেন উইকেটশূন্য। কেন মাফাখা ৬ ওভারে দিয়েছেন ৭৩ রান। একটি করে উইকেট নিয়েছেন কেশভ মহারাজ ও সেনুরান মুথুশামি।
/অ