দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক টম ল্যাথাম কাঁধের চোট কাটিয়ে ফিরতে পারেননি। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম টেস্টেও তিনি খেলতে পারেননি।
দ্বিতীয় ম্যাচের আগের দিন ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারায় তাকে দল থেকে বাদ পড়তে হয়। নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটা আমাদের জন্য খুবই হতাশার। টম কঠোর পরিশ্রম করছিল এবং ফেরার দিকেই ছিল, কিন্তু আজকের ফিটনেস টেস্টে সে উত্তীর্ণ হতে পারেনি। সেও খুব ভেঙে পড়েছে।’
প্রথম টেস্টে অধিনায়কত্ব করা অলরাউন্ডার মিচেল স্যান্টনারই দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দেবেন। প্রথম ম্যাচে অধিনায়কত্ব করে নিউজিল্যান্ডের ৩২তম টেস্ট অধিনায়ক হন স্যান্টনার।
ল্যাথামের পরিবর্তে দলের সঙ্গে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার বেভন জ্যাকবস। তিনি অকল্যান্ড এসেসের হয়ে খেলেন এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ক্লাব ক্রিকেট খেলেছেন। জরুরি ভিত্তিতে তাকে বুলাওয়েতে নিয়ে আসা হয়।
ওয়াল্টার বলেন, ‘ম্যাচের আগের দিন টম ছিটকে যাওয়ায় আমাদের দ্রুত একজন অতিরিক্ত ফিল্ডার ও ব্যাটার দরকার ছিল। সৌভাগ্যবশত বেভন জোহানেসবার্গে খেলছিল এবং কাছাকাছি থাকায় দ্রুত চলে আসতে পেরেছে।’
এমএস/কে