দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ বাছাই পর্বটা বেশ বাজেভাবে শেষ করেছে আয়ারল্যান্ড। গত কয়েক বছরে আইরিশরা যেভাবে খেলেছে তার ছিটেফোঁটা লড়াইও করতে পারেনি। তাই তো ব্যর্থতা মেনে নিয়ে দলটির ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ থেকে নেতৃত্বের দায়িত্ব ছাড়লেন অ্যান্ড্রু বালবার্নি। সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেও টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি।
বালবার্নির পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক থাকা পল স্টার্লিং। যদিও স্টার্লিং আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড সিরিজ পর্যন্ত থাকবেন দলের নেতৃত্বে।
বালবার্নির নেতৃত্বে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সেই উঠতে পারেনি আয়ারল্যান্ড। হেরেছে আরব আমিরাত, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে। যে দলগুলো আয়ারল্যান্ডের থেকে অপেক্ষাকৃত দুর্বল। বাছাই পর্বের ১০ দলের আসরে আইরিশরা হয়েছে সপ্তম। যে তিনটি ম্যাচ জিতেছে তারা, তার সবই এসেছে ছিটকে যাওয়ার পর।
দায়িত্ব ছাড়ার ব্যপারে ক্রিকেট আয়ারল্যান্ড থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বালবার্নি বলেছেন, 'অনেক চিন্তাভাবনা করার পর আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। গত কয়েক বছর এই দলকে নেতৃত্ব দেওয়া ছিল অনেক সম্মানের। মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়, কোচ, ক্রিকেট আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডের সমর্থকের কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি, সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ।'
অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়ার হিসেবে দলের প্রতি নিবেদন একটুও কমবে না উল্লেখ করে বালবার্নি বলেন, 'আমার মনে হয়েছে, আমার (দায়িত্ব ছাড়ার) এটাই সঠিক সময়, দলের জন্যও। দলের জন্য আমার নিজের সেরাটা দিয়ে যাব। আগামী কয়েক বছরে সাফল্যের পথে অবদান রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব।'
২০২০ সালে আয়ারল্যান্ডের নেতৃত্ব আসার পর মোট ৩৭ ওয়ানডে ম্যাচ খেলে জয় পেয়েছেন ৮টিতে। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ২টি ম্যাচে। যেখানে জয় এসেছে ১৯টিতে। টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশের হয়ে সর্বোচ্চ চারটিতে।