দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের সাগরতীরে পর্দা উঠল বঙ্গবন্ধু এভিসি আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সৈকতের কলাতলী পয়েন্টে জমকালো টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটন ও ভলিবলের পরিচিতি ব্যাপকভাবে প্রসারিত হবে। সেই সঙ্গে অলিম্পিক বিচ ভলিবলের বাছাইপর্বের খেলাও কক্সবাজার বিচে হবে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরু হয়েছে দুটি প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলো হলো- বঙ্গবন্ধু এভিসি বিচ কন্টিনেন্টাল কাপ ম্যানস্-ওম্যানস্ , আরেকটি বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবল ম্যানস্-ওম্যানস্।
উদ্বোধনী দিনে ভারত বনাম ভুটান পুরুষ দল এবং কিরগিজস্তান বনাম ভারত নারী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সেখানে নারী বিভাগে কিরগিজস্তান ২-১ সেটে ভারত নারী দলকে হারিয়েছে। অন্যদিকে পুরুষ বিভাগের ম্যাচে ভারত সরাসরি ২-০ সেটে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করে।
আন্তর্জাতিক বিচ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, টুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।
এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খসরু চৌধুরী, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বক্তব্য রাখেন।
১১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল। দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৯টি দেশ।
জেডএ/এইউ