দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশ এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের মতো পরিস্থিতি তৈরি করবে, এমনটা কল্পনা করাও কঠিন ছিল। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যখন ৪০৩ রানের লিড নিয়েছে। দুই দলের প্রথম ইনিংস শেষেই ম্যাচের ফল অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবে দ্বিতীয় ইনিংসে অন্তত বাংলাদেশের লড়াই দেখার প্রত্যাশা ছিল। সেটিও পূরণ হলো না। উইয়ান মুল্ডারের আগুনে বোলিংয়ে ভস্মীভূত হলো সফরকারীদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশকে ১৮৪ রানে অলআউট করে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশকে একশর আগেই অলআউট করে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এরপর বল হাতে সফরকারীদের টপ অর্ডারে ভাঙন ধরাতে বেশি সময় নেয়নি প্রোটিয়ারা। যদিও দুটি পঞ্চাশ রানের জুটিতে প্রথম ইনিংসের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পুনরাবৃত্তি হয়নি। কিন্তু মিডল অর্ডারে একটি প্রতিরোধী জুটি ভাঙতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন শুরুটা ভালো করেছিলেন। ১৫তম ওভারে উইয়ান মুল্ডারের একটু বাইরের ডেলিভারি ছেড়ে দিতে পারতেন তানজিদ। কিন্তু স্কয়ার কাট খেলতে গিয়ে ব্যাটের বাইরের অংশে বল লাগিয়ে বসেন। বলটি চলে যায় রায়ান রিকেলটনের গ্লাভসে।
জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে রেকর্ড সংগ্রহ করে মুখ রক্ষা করেছিল বাংলাদেশ। কিন্তু সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই ব্যাটিংয়ে ব্যর্থতা। বল হাতেও ছিল নিষ্প্রভ। তারই খেসারত দিতে হলো ইনিংস ও ২১৯ রানের হারে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে নামা বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো।
তানজিদের বিদায়ে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৪৮ বলে ২৯ রান করেন তিনি। ৫৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় ওভারে উইকেট পান মুল্ডার। তাঁর বলে মুমিনুল হকের গ্লাভস ছুঁয়ে বল চলে যায় রিকেলটনের হাতে। ডাক মেরে ফেরেন বাংলাদেশের এই ব্যাটার।
চল্লিশের ঘরে পৌঁছানোর আগেই থামতে হয় রবিনকে। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন তিনি। ৬২ বলের ইনিংসে ৩৮ রান করেন রবিন, ছিল ৭টি চার।
৭৮ রানে তিন উইকেট হারানোর পর বাংলাদেশকে স্বস্তি দেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ইয়ানসেনের এক ওভারে তিনটি চার মেরে ঝড় তোলেন হৃদয়। তাঁকে ফেরানোর আগের ওভারে বাউন্ডারি হজম করেন কাগিসো রাবাদাও। তাই উইকেট পাওয়ার পর তাঁর উল্লাস ছিল একটু বেশিই। ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪১ রান করে জুবায়ের হামজার হাতে ক্যাচ দেন হৃদয়। ভাঙে ৭৬ বলে ৫০ রানের জুটি। ১২৮ রানে চার উইকেট হারায় বাংলাদেশ।
এরপর লিটন দাস ও শান্ত লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ৩০ রানের জুটি ভেঙে লিটনকে ফিরিয়ে দেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার এই পেসার চার ওভারে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে অসহায় আত্মসমর্পণের দিকে ঠেলে দেন। জাকের আলী ও শরিফুল ইসলামকে টানা ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের দেখা পান মুল্ডার।
এরপর আরেক ওভারে শান্তকে ৩৪ রানে ফিরিয়ে দেন মুল্ডার। তাঁর পরের ওভারে বোল্ড হন তাসকিন আহমেদ।
এমএস/