দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন ঘটনা ঘটেছে। অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে রেকর্ড ৫৩টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। মাঠে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্য দিয়ে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর আগের আর্জেন্টাইন রেকর্ডও ভেঙে গেছে।
রোববার (১ নভেম্বর) ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যে রাজ্য চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এ ঘটনা ঘটে।
ম্যাচের প্রতিবেদন অনুযায়ী, রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রসগিচ মোদেস্তো জানিয়েছেন, দ্বিতীয়ার্ধের শুরুতেই গণ্ডগোলের সূত্রপাত। উবেরলান্দিয়ার একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর মাঠে ঢুকে পড়েন দলটির কয়েকজন কর্মকর্তা।
এরপর ৪০ মিনিট বন্ধ রাখা হয় ম্যাচ। পরে আবার খেলা শুরু হলে ইনজুরি সময়ের নবম মিনিটে গোল করে মামোরে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গোল উদ্যাপনের সময় মামোরের খেলোয়াড় দাভি উবেরলান্দিয়ার খেলোয়াড়দের উদ্দেশে কটূক্তি করেন। এর জেরেই ব্যাপক সংঘর্ষ শুরু হয় এবং একের পর এক লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।
মোট ৪৩ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের ৮ সদস্যকে লাল কার্ড দেখানো হয়। এছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টিতে।
রেফারি দ্রসগিচ মোদেস্তো তার প্রতিবেদনে লেখেন, দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে লাল কার্ড দেখানো এবং ম্যাচ শেষ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব হয়ে যায়।
তাই পুরো বিশৃঙ্খল পরিস্থিতি এবং নিরাপত্তার অভাবের কারণে আমি ম্যাচটি শেষ ঘোষণা করি বলেও জানান তিনি। পরে মোদেস্তো আরও জানান, রেফারিকে হুমকি দেয়ার ঘটনায় পুলিশের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ম্যাচ শেষে মামোরের দল ড্রেসিংরুমেরও ক্ষতিসাধন করেছে।
এদিকে, বুধবার উবেরলান্দিয়া জানায়, তারা সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ওয়াকওভার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘ফেয়ার প্লে’র স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ক্লাবটি। কারণ, মামোরের হাতে মাঠে একটি দল নামানোর মতো পর্যাপ্ত যোগ্য খেলোয়াড় ছিল না।
এই ওয়াকওভারের ফলে মামোরে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের আতলেতিকো ক্লায়েপোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছিল।
এমজে