দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনা হচ্ছিল। সেই সমালোচনায় বিদ্ধ ছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও। আপাতত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২৪ অক্টোবর) দলের অনুশীলন শেষে এই সিদ্ধান্তের কথা জানতে পারেন আশরাফুল।
অনুশীলন শেষ হওয়ার পরপরই তাকে জানানো হয়, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আর থাকছেন না তিনি। সন্ধ্যার পরপর জাতীয় দলের হোয়াইটঅ্যাপ গ্রুপ থেকে লিভ নেন জাতীয় দলের ২৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আশরাফুল।
আশরাফুল সাংবাদিকদের জানিয়েছেন, ব্যাটিং কোচের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে আসছিলেন আশরাফুল।
বাংলাদেশের ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কোচিং স্টাফের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দলের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের কাজ নিয়েও সমালোচনা তৈরি হয়। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি। তবে এই সিদ্ধান্তের পেছনে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
আপাতত আশরাফুলকে সরিয়ে সালাহ উদ্দিনকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হলেও ভবিষ্যতে এই পদে কে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
কেএম