দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে সারাদেশে জগন্নাথদেবের রথযাত্রা শুরু হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় এ উৎসব এবার দেশের ১২৮টি স্থানে আয়োজন করা হবে বলে জানিয়েছে ইস্কন বাংলাদেশ।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর স্বামীবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ইস্কন জানায়, ১৬ জুলাই সকাল ৮টায় ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দিরে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। ওড়িশার পুরীর রথযাত্রার পর ঢাকার ইস্কনের রথযাত্রা বিশ্বের অন্যতম বৃহৎ আয়োজন হিসেবে পরিচিত বলেও জানানো হয়।
সংগঠনটি জানায়, বর্তমানে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, রাশিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে এ উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এবারের রথযাত্রার মূল প্রতিপাদ্য সামাজিক সম্প্রীতি, সাম্য ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ উৎসবের অন্যতম লক্ষ্য।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হবে বলে জানানো হয়েছে।
ইস্কন জানায়, ১৬ জুলাই রথযাত্রার শোভাযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন, প্রেস ক্লাব, কার্জন হল, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা একই পথে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে এসে শেষ হবে।
এমএস/