দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ হজের প্রথম দিন। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা এখন হাজীদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত। বিভিন্ন তাঁবুতে চলছে হজের মাসআলা-মাসায়েল ও ধর্মীয় আলোচনা।
বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজখবর নিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
গতকাল রোববার রাত ১০টার পর থেকেই হাজীরা মিনার উদ্দেশে রওনা হন। শরিয়তের বিধান অনুযায়ী আজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। মিনায় রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের উদ্দেশে রওনা হবেন হাজীরা। সেখানে খুতবার পর একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করা হবে।
এ বছর হজের খুতবা দেবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন হাজীরা। শরিয়তে আরাফাতে অবস্থান করাকেই হজের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে।
মঙ্গলবার সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা হবেন হাজীরা। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন বুধবার সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজীরা। এরপর পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।
জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের আনুষ্ঠানিকতা শেষে মিনার কার্যক্রম সম্পন্ন হবে।
ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে মিনায় বাংলাদেশি হাজীদের জন্য হাদিয়াস্বরূপ ৫ হাজার প্যাকেট উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে।
এদিকে, অনুমতিপত্র ছাড়া কেউ যেন হজ পালন করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সৌদি আরব সরকার। মিনায় প্রবেশের পথে বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যেক হজযাত্রীর জন্য ‘নুসুক’ কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুর ভেতরে অবস্থান করার জন্য হাজীদের অনুরোধ জানিয়েছে সৌদি প্রশাসন। পাশাপাশি সরাসরি রোদ এড়িয়ে চলা, ছাতা ব্যবহার এবং বেশি বেশি পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এমএস/