দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কড়া নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছেন—এমন ব্যক্তিরা এ বছর হজের পারমিট বা অনুমতি পাবেন না। পাশাপাশি হজযাত্রীদের জন্য কয়েকটি টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, হজের কঠিন আনুষ্ঠানিকতা পালনে শারীরিকভাবে অক্ষম হতে পারেন—এমন ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী, যেসব শারীরিক অবস্থায় এবার হজ করা যাবে না, তার মধ্যে রয়েছে—কিডনির জটিলতা বা ডায়ালাইসিস প্রয়োজন এমন অবস্থা, হার্ট ফেইলিউর বা হৃৎপিণ্ডের গুরুতর সমস্যা, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ ও স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া, বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতা এবং গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা অন্তঃসত্ত্বা নারী।
সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, হজযাত্রীদের এমন সুস্থ অবস্থায় থাকতে হবে যাতে তারা হজের প্রতিটি রোকন বা নিয়ম কোনো বড় ধরনের শারীরিক ঝুঁকি ছাড়াই সম্পন্ন করতে পারেন।
স্বাস্থ্যবিধি অনুযায়ী, সব হজযাত্রীকে হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। এছাড়া উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের—যেমন বয়স্ক, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারী—করোনা ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগের কোনো টিকার মেয়াদ শেষ হয়ে থাকলে তা পুনরায় আপডেট ডোজের মাধ্যমে গ্রহণ করতে হবে। বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি এড়ানো এবং পবিত্র মক্কায় সমবেত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতি বছর এমন কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করে সৌদি সরকার।
/অ