দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজান মাসের শেষ দশকে ইবাদতের বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম হলো এতেকাফ। ইসলামি শরিয়তে এই আমলের রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি একদিন এতেকাফ করবে, আল্লাহ তায়ালা তার এবং জাহান্নামের মাঝে তিনটি পরিখার সমান দূরত্ব সৃষ্টি করে দেবেন। প্রতিটি পরিখার দূরত্ব হবে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান।
ইসলামি বিধান অনুযায়ী, রমজানের শেষ দশকে পুরুষদের জন্য এতেকাফ সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ কোনো মহল্লার মসজিদে অন্তত একজন ব্যক্তি এতেকাফ করলে ওই এলাকার অন্যরা এ দায়িত্ব থেকে অব্যাহতি পায়। তবে কেউই এতেকাফ না করলে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে বলে আলেমরা উল্লেখ করেছেন।
অন্যদিকে নারীদের জন্য এতেকাফ করা মুস্তাহাব। তারা নিজ নিজ ঘরের নির্দিষ্ট স্থানে থেকে ইবাদতের মাধ্যমে এতেকাফ পালন করতে পারেন। রমজানের শেষ দশকে আল্লাহর নৈকট্য লাভ এবং বেশি বেশি ইবাদতে মনোনিবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে মুসলমানরা এই আমলকে গুরুত্ব দিয়ে থাকেন।
নারীরা মসজিদের পরিবর্তে ঘরে নির্ধারিত স্থানে এতেকাফ করবেন। যদি আগে থেকেই ঘরে নামাজের জন্য কোনো স্থান নির্ধারিত না থাকে তাহলে এতেকাফের জন্য একটি স্থান নির্ধারিত করে নিবেন। এরপর সেখানে এতেকাফ করবেন।
এতেকাফের সময় নারীরা রান্না ও ঘরের কাজ করতে পারবেন?
এতেকাফের জন্য নারীদের যে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়, তা নারীর জন্য পুরুষদের মসজিদের সমতুল্য। তাই এতেকাফ অবস্থায় স্বাভাবিক বা শরিয়তসম্মত প্রয়োজন ছাড়া সেই স্থান থেকে বাইরে বের হওয়া নারীর জন্য বৈধ নয়। সুতরাং নারী এতেকাফের জায়গা থেকে বের হয়ে রান্নাবান্না বা ঘরের কাজ করার জন্য যেতে পারবে না। এতে এতেকাফ ভেঙে যাবে।
তবে যদি তার জন্য বাইরে থেকে খাবার এনে দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে সে খাবার আনতে বাইরে যেতে পারে। খাবার নিয়ে সঙ্গে সঙ্গে আবার এতেকাফের জায়গায় ফিরে আসবে, বাইরে অবস্থান করবে না; অন্যথায় এতেকাফ নষ্ট হয়ে যাবে।
অবশ্য নারী তার এতেকাফের নির্ধারিত স্থানের ভেতরে থেকেই ঘরের কাজ (যেমন আটা মাখা, রান্না করা, কাপড় ধোয়া ইত্যাদি) করতে পারে। তবে উত্তম হলো ইতিকাফে বসার আগে এসব কাজের জন্য বিকল্প ব্যবস্থা করে নেওয়া, যাতে এতেকাফের সময় একাগ্রতার সঙ্গে ইবাদত করতে পারে।
জে আই