দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্তুগালে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, লিসবন–এর উদ্যোগে এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে লিসবনের স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে দূতাবাসের হেড অব চ্যান্সারি (এইচওসি) এস এম গোলাম সারওয়ার বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম নয়; এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত। সেই আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির সিনিয়র ব্যক্তিত্ব ও ‘কাজা দো বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দিন বলেন, প্রবাসের মাটিতেও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা ও চর্চায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একুশের চেতনায় উদ্বুদ্ধ এ আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগ্রত করবে।
শেষে মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএস/