দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির দক্ষিণাঞ্চলে নগদ অর্থ বহনকারী একটি সাঁজোয়া ভ্যানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ইতালির সামরিক পুলিশ বাহিনী ক্যারাবিনিয়ারির সঙ্গে হামলাকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে পুলিয়া অঞ্চলের লেচে–ব্রিন্ডিসি সুপারস্ট্রাডার তুতুরানো এলাকায় স্টেটাল ৬১৩ সড়কে এ হামলা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
প্রতিবেদন অনুযায়ী, মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি প্রথমে একটি ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে সড়ক অবরোধ করে। পরে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে নগদ অর্থ পরিবহণকারী পোর্টাভালোরি ভ্যান লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যারাবিনিয়ারি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়। পরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া শুরু করে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন অন্তত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ ধারণা করছে, ঘটনাটি সুপরিকল্পিত ডাকাতির চেষ্টা ছিল। হামলার পর নিরাপত্তাজনিত কারণে সড়কের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী।
জে আই