দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির মিলান-কোর্তিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক উদ্বোধনকে কেন্দ্র করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের উপস্থিতি ঘিরে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে।
শনিবার মিলানের বিভিন্ন এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে আইসিই সদস্যদের নিরাপত্তা মোতায়েনের প্রতিবাদ জানান। একপর্যায়ে বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের দিকে আতশবাজি, ধোঁয়া বোমা ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও নিরাপত্তা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
বিক্ষোভকারীদের অভিযোগ, অলিম্পিকের নিরাপত্তা জোরদারের নামে মার্কিন আইসিই এজেন্টদের যুক্ত করা ইতালির সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারের প্রশ্ন তুলছে। অনেকেই আইসিই’র অভিবাসন নীতি ও অতীত কার্যক্রমের সমালোচনা করে তাদের উপস্থিতির বিরোধিতা করেন।
এছাড়া অলিম্পিক আয়োজনের উচ্চ ব্যয়, আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিও বিক্ষোভের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। পরিবেশবাদীরাও অবকাঠামো উন্নয়নের নামে পরিবেশের ক্ষতির অভিযোগ তুলেছেন।
উদ্বোধনের দিন মিলানের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর টহল জোরদার করা হয়। আয়োজক কমিটি জানিয়েছে, বিক্ষোভ সত্ত্বেও অলিম্পিকের অনুষ্ঠানসূচিতে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকের শুরুতেই এ ধরনের বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
/অ