দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তারের পর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে রিপন ও আল-আমিনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিমানবন্দর থানায় দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নরসিংদীর বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী কাউসার তার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। ওই দিন রাত ৮টার দিকে কাউসারের ছোট ভাই মো. সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে একটি ভাড়া করা হায়েস গাড়িতে করে রওনা হন।
এজাহারে বলা হয়, রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশের সড়কে আসামিরা তাদের গাড়ির গতিরোধ করেন। পরে তাদের আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে সঙ্গে বোমা রয়েছে বলে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে এক নম্বর আসামি, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে দুই নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় একজন পথচারী তাদের রক্ষায় এগিয়ে আসেন এবং আরেকজন কৌশলে ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন। পরে আরও লোকজন ঘটনাস্থলে আসতে দেখে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এমএম/