দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে একক প্রার্থী দিয়ে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রমে আগের সরকারের ‘ফ্যাসিবাদের পুনর্বাসনের’ স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন দিয়ে বাজার পরিস্থিতিতে ১৫ দিন চলাও কঠিন দাবি করে তিনি আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অভিযোগ তুলে সারজিস বলেন, প্রবাসী ও তাঁদের স্বজনেরা হয়রানির শিকার হচ্ছেন। কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি হয়েছে এবং এতে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী হলেও স্বাস্থ্যসেবা ও সড়কের বেহাল অবস্থার কারণে সামান্য চিকিৎসার জন্যও মানুষকে ঢাকায় যেতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনের আগে সংকট সমাধানের কথা বললেও ক্ষমতায় এসে ‘হরিলুটের সূচনা করেছে’।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। মতপ্রকাশে বাধা দেওয়ার জন্য ৯৫ কোটি টাকা ব্যয়ে মনিটরিং সরঞ্জাম কেনা হয়েছে এবং গণমাধ্যমে ‘আওয়ামী পুনর্বাসন’ চলছে বলে অভিযোগ করেন সরোয়ার তুষার।
মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন দুর্বল করা এবং ফ্যামিলি কার্ডে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জনরোষের মুখে পড়বে। প্রয়োজনে এনসিপি রাজপথে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট, সূচিভিত্তিক লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট এবং নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের ভূমিকার সমালোচনা ও প্রতিবাদ জানায় এনসিপি।
এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন ও চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমএম/