দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর ফ্যাসিবাদের উত্থান না ঘটে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১৬ আগস্ট) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর ফ্যাসিবাদের আগমন না ঘটে।’
তিনি বলেন, ফ্যাসিবাদের লোকজন এখনো সক্রিয় রয়েছে। তারা বিপুল অর্থ ব্যয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরে রিজভী বলেন, এভাবে কোনো পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন সম্ভব নয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও অধ্যাপক লুৎফর রহমান বক্তব্য দেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএম/