দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই তিনি দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।
তবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় শুক্রবার (১৭ জুলাই) তিনি সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। এ কারণে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, ভবিষ্যতেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে সংগঠনের অগ্রযাত্রায় কাজ করে যাবেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গোলাম কিবরিয়া তাপস বলেন, ‘গত ২ জুলাই আমি লিখিত আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় আমি স্থানীয়ভাবে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।’
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন বলেন, ‘বিষয়টি আমি অনানুষ্ঠানিকভাবে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি আমার কাছে আসেনি।’
এমএম/