দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে দলটি।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জামায়াতের কর্মসূচিতে কোনো ‘গুপ্তচর’ ঢুকে এ ঘটনা ঘটিয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
এ লক্ষ্যে ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিবৃতিতে মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতের কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় সংগঠনের কোনো কর্মী জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হামলার ঘটনার পর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন হাসপাতালে গিয়ে আহত দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের খোঁজখবর নেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল শেষে ব্রিফিং চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
জে আই